একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজিবি সরাইল রিজিয়ন (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ) অধিনায়ক কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি (পিএসসি) এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
কর্নেল তৌহিদ হাসান আরও জানান, সরাইল রিজিয়নের অধীনে থাকা চারটি ব্যাটালিয়ন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলের ১৭টি জেলার ৫৬টি সংসদীয় আসনে মোট ৯২টি উপজেলায় ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এছাড়া, সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করবে।
সংবাদ সম্মেলনে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















