উত্তরাঞ্চল সফরের সমাপনী শেষে ঢাকা ফেরার পথে বগুড়ার শেরপুরে এক নির্বাচনি পথসভায় বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় এসে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। বিগত সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় অর্জিত হয়েছিল এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “সারা দেশের মানুষ জানে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক সুদৃঢ় অবস্থান।”
শনিবার দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শেরপুর-ধুনট মোড়ে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। তারেক রহমানের আগমনের খবরে সকাল থেকেই ধুনটমোড় ও এর আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের এক অভূতপূর্ব জনসমাগম ঘটে। মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ নির্বিশেষে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকেন প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। তিনি গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।
বিএনপি চেয়ারপার্সন আরও বলেন, “ধানের শীষ যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় শেরপুরবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়নে অংশীদার হতে চাই।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী প্রমুখ।
উপজেলার কলেজ রোড থেকে শেরুয়াবটতলা পর্যন্ত পুরো যাত্রাপথে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান।
রিপোর্টারের নাম 






















