দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গত ৫৪ বছর ধরে মাত্র দুই-তিনটি রাজনৈতিক দল দেশটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এদের মধ্যে একটি দল বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাঁর মতে, গত ৫ আগস্টের পর থেকে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং পরীক্ষায় ফেল করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর পূর্বে তিনি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে একটি নির্বাচনী জনসমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গোলাম পরোয়ার অভিযোগ করেন, “তারা নির্বাচনের আগে সাধারণ মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, আমাদের ভাইদের হত্যা করেছে। ক্ষমতায় গেলে তারা দেশের সম্পদও লুট করে নেবে। তাদের চরিত্র বদলায়নি, বরং আরও খারাপ হয়েছে।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি এই দেশকে বাঁচাতে চান এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। আমরা সংবিধানের ৪৮টি বিষয়ে সংশোধনের প্রস্তাব দিয়েছি। এগুলো পাস করতে হলে আপনাদের ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। দাঁড়িপাল্লায় এবং সংবিধান সংশোধনের প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট দিলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।”
চাঁদপুরবাসীর উদ্দেশে গোলাম পরোয়ার প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় এলে একটি জাকাতভিত্তিক ও সুদমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আরও বলেন, জামায়াতের কোনো সদস্য চাঁদাবাজি, দখলবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকবে না। তিনি বলেন, “এবার পরিবর্তনের সময় এসেছে। যারা অতীতে দেশের জন্য সংগ্রাম করেছেন, তারা ৫ আগস্ট-পরবর্তী সময়ে কোনো অন্যায় করেননি। তাদের ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন।”
দেশের বিচারব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি বলেন, “বর্তমান সরকার বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যদি খুনি, ধর্ষক ও চাঁদাবাজরা আবার ক্ষমতায় আসে, তাহলে এ দেশের মানুষ আর কখনো ন্যায়বিচার পাবে না। তারা আগের চেয়েও বেশি অন্যায়-অপরাধে লিপ্ত হবে।” তিনি আরও বলেন, দেশজুড়ে একটি পরিবর্তন এসেছে এবং জনগণের মধ্যে পরিবর্তনের জোয়ার দেখা যাচ্ছে। এই জোয়ারকে থামানো যাবে না। প্রত্যেককে ডা. শফিকুর রহমানের মতো ভূমিকা পালন করতে হবে, তবেই ১০ দলীয় জোট ক্ষমতায় আসতে পারবে।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং মো. আফসার উদ্দিন মিয়াজীর পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর-৩ আসনের ১১দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াত সেক্রেটারি মো. শাজাহান মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আব্দুর রহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা হোসাইন আহমেদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক মাহবুবুর রহমান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ, জুলাই কিশোর যোদ্ধা হাসনাতুল ইসলাম ফাইয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি লিয়াকত হোসাইন প্রমুখ।
রিপোর্টারের নাম 

























