শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিফাটা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সান ম্যাক্স লাক্সারি থান কাপড় ও বেনারশি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা রাতভর অভিযান পরিচালনা করে। এই অভিযানে প্রায় ১৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় থান কাপড়, বেনারশি শাড়ি এবং পণ্য বহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়। শনিবার দুপুরে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, শ্রীবরদীর কর্ণঝোড়া বিওপির আওতাধীন এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব উপায়ে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা পণ্য ও ইজিবাইক ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ বলেন, “শেরপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকা সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ থেকে দায়িত্ব পালন করে চলেছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
রিপোর্টারের নাম 

























