চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এনামুল হক এনামের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন তাঁর বড় ছেলে আকিবুল হক। শুক্রবার বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি বাবার পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
ভাটিখাইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নির্বাচনী ইউনিয়নের সমন্বয়কারী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদুল শফি হিরু। বিশেষ বক্তা হিসেবে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আকিবুল হক।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা বলেন, পটিয়ার মানুষের অধিকার আদায়ে এনামুল হক এনাম দীর্ঘ সতেরো বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। রাজপথের লড়াইয়ে তিনি কারাবরণসহ নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও পটিয়াবাসীর পাশ থেকে সরে যাননি। তাই আসন্ন নির্বাচনে পটিয়ার জনগণ যোগ্য প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে।
প্রচারণাকালে আকিবুল হক ভোটারদের বিভিন্ন অভাব-অভিযোগ শোনেন এবং নির্বাচিত হলে পটিয়ার সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এদিকে প্রার্থী এনামুল হক এনাম তাঁর বক্তব্যে একটি আধুনিক ও নিরাপদ পটিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। বিজয়ী হলে পটিয়াকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান সৃষ্টিই হবে তাঁর প্রধান লক্ষ্য।
সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, বিএনপি নেতা রেজাউল হক রিজু, মো. ইলিয়াছ মিয়া, শফিউল কবির শপুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রিপোর্টারের নাম 

























