ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনের (শ্যামপুর-কদমতলী) সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, পরিবারের প্রতিটি সদস্যের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের মাধ্যমে নারীদের আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে, যা পরিবার তথা রাষ্ট্র গঠনে তাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে সহায়তা করবে।
শনিবার রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড ক্যাপ্টেন মাঠে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর আহমেদ রবিন বলেন, বিএনপি কেবল নারীদের জন্য নয়, বরং পরিবারের পুরুষ সদস্য এবং শিশুদের সঠিক ও সুস্থ বিকাশের লক্ষ্যে মোট আটটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে এই আটটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি ও কৃষকের উন্নয়নে দলের ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং ঢাকা-৪ আসনের একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। তাদের স্বার্থ রক্ষায় বিএনপি ‘কৃষি কার্ড’ ব্যবস্থা চালু করবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ফসল আবাদের জন্য প্রয়োজনীয় সার, বিশেষজ্ঞ পরামর্শ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা পাবেন। অর্থের অভাবে কোনো কৃষক যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও শারীরিক গঠন নিয়ে রবিন বলেন, প্রতিটি শিশুর জন্য বুদ্ধিভিত্তিক ও আনন্দঘন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা খাতে ভর্তুকি বাড়ানো হবে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তুলতে একাধিক ভাষা শিক্ষার প্রশিক্ষণ এবং শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করা হবে। এতে করে নতুন প্রজন্ম পড়াশোনা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করবে এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর হবে।
পথসভায় স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।
রিপোর্টারের নাম 
























