অনলাইন প্ল্যাটফর্মগুলোর একচেটিয়া আধিপত্য থেকে ক্ষুদ্র ও স্বাধীন বইয়ের দোকানগুলোকে বাঁচাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে স্পেন সরকার। দেশটির সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উর্তাসুন জানিয়েছেন, অনলাইনে বই বিক্রির ক্ষেত্রে সরকার কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও বিশেষ শিপিং চার্জ বা ডেলিভারি ফি আরোপ করার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে।
সম্প্রতি বিশ্ব বই দিবস উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতিমন্ত্রী জানান, বড় অনলাইন জায়ান্টগুলো সাধারণত বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বই ডেলিভারি দিয়ে থাকে, যার ফলে স্থানীয় ছোট দোকানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এই সংকট কাটাতে নির্দিষ্ট সীমার নিচে বই কেনাকাটার ক্ষেত্রে ন্যূনতম ডেলিভারি চার্জ বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, ফ্রান্সে ইতোমধ্যে এ ধরনের নিয়ম কার্যকর রয়েছে, যেখানে ৩৫ ইউরোর কম মূল্যের বইয়ের জন্য ৩ ইউরো ডেলিভারি ফি দিতে হয়।
স্পেন সরকারের মতে, ছোট বইয়ের দোকানগুলো কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং এগুলো একেকটি সাংস্কৃতিক কেন্দ্র। পাঠকদের সাথে বিক্রেতাদের সরাসরি মতবিনিময় ও পরামর্শের যে সুযোগ স্থানীয় দোকানে থাকে, তা অনলাইন কেনাকাটায় সম্ভব নয়। মহামারি পরবর্তী সময়ে স্পেনে বই পড়ার হার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা লক্ষ্যণীয়। এই ইতিবাচক ধারা বজায় রাখতে এবং প্রকাশনা শিল্পকে শক্তিশালী করতে স্থানীয় লাইব্রেরিগুলোকে সুরক্ষা দেওয়া জরুরি বলে মনে করছে দেশটির সরকার।
রিপোর্টারের নাম 























