তীব্র জ্বালানি সংকট ও কারিগরি জটিলতার কারণে আজ বৃহস্পতিবার সারাদেশে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার মেগাওয়াট ধরা হলেও উৎপাদন হতে পারে মাত্র ১৪ হাজার মেগাওয়াট। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের মাত্রা বাড়তে পারে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় এই ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, আদানির বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি সমস্যা এবং বাঁশখালীর আইপিপি প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ থাকাও এই সংকটের অন্যতম কারণ।
সরকারি তথ্যমতে, গত বুধবারও দেশে ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ফলে ওইদিন দুই হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি থাকায় দেশব্যাপী লোডশেডিং অনুভূত হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















