রাজধানীর বেইলি রোডে শুরু হয়েছে ‘চতুর্দশ জাকাত ফেয়ার ২০২৬’। শনিবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। ‘ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জাকাত ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাকাত আদায়ের প্রক্রিয়াকে পদ্ধতিগত করার ক্ষেত্রে সিজেডএম প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ইতিহাসের প্রেক্ষাপট টেনে তিনি উল্লেখ করেন, ইসলামি শাসন ব্যবস্থায় প্রায় এক হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ ও বণ্টন করা হতো। তবে ব্রিটিশ ও মুঘল আমল থেকে এটি ব্যক্তিগত পর্যায়ে চলে আসায় এর সামগ্রিক প্রভাব ও গুরুত্ব অনেকটাই ম্লান হয়ে গেছে।
জাকাত না দেওয়ার ধর্মীয় ও সামাজিক পরিণতির কথা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, সামর্থ্য থাকার পরও যারা জাকাত দেন না, তাদের ঈমানি পূর্ণতা নিয়ে প্রশ্ন থেকে যায়। জাকাত কোনো দয়া বা দান-দক্ষিণা নয়, বরং এটি ধনীদের সম্পদে দরিদ্রের সুনির্দিষ্ট অধিকার বা হক। আমাদের সমাজে এই গুরুত্বপূর্ণ বিধানটি অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে। তিনি আরও বলেন, দেশে দারিদ্র্যের কারণে অনেকে অনভিপ্রেত ও অমর্যাদাকর পেশা বেছে নিতে বাধ্য হচ্ছেন। যদি জাকাত ব্যবস্থা সঠিকভাবে কার্যকর থাকতো, তবে সমাজ থেকে এ ধরনের সমস্যা ও বৈষম্য দূর করা সম্ভব হতো। তাই জাকাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বর্তমান বিশ্বের গভীর দার্শনিক সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব তিনটি প্রধান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে—গন্তব্য নির্ধারণে অস্পষ্টতা, সঠিক পথের অভাব এবং লক্ষ্য অর্জনের উপকরণের সংকট। এই দার্শনিক সংকট বিশ্বব্যাপী এক অস্থিরতা তৈরি করেছে, যা থেকে উত্তরণে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। এমনকি জাতিসংঘও বর্তমানে লক্ষ্য নির্ধারণের এই সংকটে ভুগছে বলে তিনি মন্তব্য করেন।
একটি ন্যায়ভিত্তিক ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে জাকাত ব্যবস্থার কার্যকর প্রয়োগ এবং এর সামাজিক গুরুত্ব এই সেমিনারের মূল প্রতিপাদ্য হিসেবে উঠে আসে। মেলায় জাকাত ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 























