ইসরাইলি কর্তৃপক্ষ জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আল-আকসা মসজিদে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তাকে আটক করা হয়েছিল এবং পরে এই নিষেধাজ্ঞা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয় বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।
জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ পরিচালনার পর শেখ মোহাম্মদ হুসেইনকে ইসরাইলি বাহিনী আটক করে। মুক্তির আগে তাকে আল-আকসা মসজিদ চত্বরে এক সপ্তাহের জন্য প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।
এই বিষয়ে ইসরাইলি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের খতিবদের ওপর প্রায়ই এমন নিষেধাজ্ঞা জারি করে আসছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালেই আল-আকসা মসজিদ চত্বরে হাজার হাজার ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছিলেন। পবিত্র এই স্থানে ইসরাইলি বাহিনীর ক্রমবর্ধমান তৎপরতার মধ্যেই গ্র্যান্ড মুফতির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো। ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদ চত্বরে ২৬ বার অনুপ্রবেশ করেছে এবং প্রায় ৪ হাজার ২১২ জন ইসরাইলি দখলদার মসজিদ চত্বরে প্রবেশ করেছে।
রিপোর্টারের নাম 




















