চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে উচ্চ আদালতের রায় অমান্য করে কোনো কর্মকর্তা-কর্মচারী অবস্থান নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। প্রতিষ্ঠানবিরোধী এমন কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে এ হুঁশিয়ারি কার্যকর হবে বলে শুক্রবার এক অফিস আদেশে জানানো হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জানুয়ারি উচ্চ আদালত এনসিটি প্রকল্পে বিদেশি অপারেটর নিয়োগে কোনো আইনি বাধা নেই বলে রায় দেয়। এই রায়ের পর বন্দরের কতিপয় শ্রমিক-কর্মচারী চট্টগ্রাম বন্দর ভবনসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও দলবদ্ধ মহড়া দিয়ে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেন। বন্দর কর্তৃপক্ষের মতে, এটি চাকরিবিধির সরাসরি লঙ্ঘন।
শুক্রবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই চূড়ান্ত হুঁশিয়ারি জারি করা হয়। আদেশে বলা হয়, এর আগেও এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছিল। এবার চূড়ান্তভাবে সতর্ক করে জানানো হচ্ছে যে, ভবিষ্যতে এর ব্যত্যয় ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের একটি বিশেষায়িত টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই বন্দর অভ্যন্তরে ও বাইরে উত্তেজনা বিরাজ করছে। উচ্চ আদালত বিদেশি কোম্পানির সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বৈধ ঘোষণা করলেও, জাতীয়তাবাদী শ্রমিকদল এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে শনি ও রোববার বন্দরের সব ধরনের অপারেশনাল কাজ বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
রিপোর্টারের নাম 

























