পাবনার ঈশ্বরদীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক ইঞ্জিনচালিত করিমনচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা সংলগ্ন পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জহিরুল ইসলাম তার করিমনে করে ফার্নিচার বোঝাই করে কুষ্টিয়া গিয়েছিলেন। কুষ্টিয়া থেকে ফেরার পথে শুক্রবার ভোরে লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোলপ্লাজার অদূরে পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগামী যান তার করিমনটিকে ধাক্কা দেয়। এতে জহিরুল ইসলাম করিমন থেকে ছিটকে মহাসড়কে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























