ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮২ শতাংশ। এদিকে, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালও একই অবস্থানে ছিল। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের আবহাওয়া পরিস্থিতির বিষয়ে অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবারও সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে। তবে শনিবার দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রিপোর্টারের নাম 

























