গোপালগঞ্জ-০৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে নির্বাচনী পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দলের নেতা এককভাবে জয়লাভের জন্য অন্যদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে চাইছেন।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলের ৩ নং গেটে নেতাকর্মীদের নিয়ে এই প্রার্থনা করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন ছিল জাতির পিতার সমাধিস্থলে আসার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যেখানে ঘুমিয়ে আছেন, সেই স্থান সমগ্র বাঙালির পীঠস্থান। এটি দর্শন করা প্রত্যেক বাঙালির জন্য সৌভাগ্যের ব্যাপার। তিনি না থাকলে আজ বাংলাদেশ স্বাধীন হতো না।”
গোপালগঞ্জ-০৩ আসনে তার প্রার্থিতার কারণ ব্যাখ্যা করে প্রামাণিক বলেন, “আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা নির্বাচন করতে চেয়েও পারেননি। এমনকি আমাদের একজন অত্যন্ত আপনজন মনোনয়নপত্র কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। সনাতন ধর্মাবলম্বী আরও দুজন প্রার্থী বাধার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তারা আমাকে অনুরোধ করেছেন যে, আমি নির্বাচনে অংশ নিলে তারা ভয়ভীতির মধ্যে থাকবেন না। তাদের নানাভাবে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখানো হয়। সকল ভোটারকে ভোটের উৎসবে নির্বিঘ্নে অংশগ্রহণ করানোর জন্যই আমি এখানে এসেছি।”
তিনি আরও বলেন, “একটি বড় রাজনৈতিক দলের নেতা চান না যে সকল দল ও মত নির্বাচনে অংশগ্রহণ করুক। তিনি চান এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে। এ কারণে নানাভাবে হয়রানির চেষ্টা করা হয়। আমরা দেখেছি, তিনি সবাইকে নিয়ে সমালোচনা করছেন। যদি সবাইকে এভাবে সমালোচিত করা হয়, তাহলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে না। তার উচিত ছিল উদার হৃদয় নিয়ে সকল প্রার্থীকে সহযোগিতা করা এবং বলা, ‘আসুন ভোটযুদ্ধে অংশগ্রহণ করুন, পোস্টার, লিফলেট, ব্যানার আমরা তৈরি করে দেই।’ এমন একটি সহযোগিতামূলক মনোভাব থাকা উচিত ছিল।”
বঙ্গবন্ধুর সমাধিতে প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কার পক্ষে লিফলেট বিতরণ করে প্রচার চালান।
রিপোর্টারের নাম 
























