ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড অনিবার্য কারণে স্থগিত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই সিদ্ধান্তের প্রতিবাদে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, রোববার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বটতলা’ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তারা চরম শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। বর্তমানে মাত্র দুজন শিক্ষক দিয়ে পুরো বিভাগের শিক্ষা কার্যক্রম কোনোমতে চালিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও তা হঠাৎ স্থগিত করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই নিয়োগ বোর্ড পুনরায় চালু করার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছাত্রনেতারা বলেন, রাজনৈতিক বা কোনো বিশেষ মহলের ইন্ধনে এই নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিগত সময়ের মতো কোনো সিন্ডিকেট বা অনৈতিক প্রভাবের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাথা নত করলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান, কোনো প্রকার রাজনৈতিক বা বাহ্যিক চাপে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়নি। মূলত নিয়োগ বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত থাকতে না পারায় অনিবার্য কারণে বোর্ডটি স্থগিত করতে হয়েছে। তবে খুব দ্রুতই স্থগিত হওয়া এই নিয়োগ বোর্ডের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 






















