ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কার পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদটির উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পবিত্র কুরআন শিক্ষা চালুর প্রতিশ্রুতিও দেন তিনি। গত শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এই অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনুরূপ একটি বুক কর্নার গড়ে তোলার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনার কথা জানান তিনি। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পবিত্র কুরআন শিক্ষা কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। এ বিষয়ে দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তত্ত্বাবধানে দীর্ঘ ৬৫ বছর পর এই কেন্দ্রীয় জামে মসজিদের ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ডাকসু মসজিদ সংস্কারের এই উদ্যোগ গ্রহণ করে। সংস্কার কাজের আওতায় মসজিদে ১১০ টন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সংযোজন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নতুন দুটি অজুখানা স্থাপন, নতুন কার্পেট বিছানো, দেয়াল রঙ করা, নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান সম্প্রসারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে র্যাম্প স্থাপন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এই সংস্কার কাজে অর্থায়ন করেছে। ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এই সংস্কার কাজের সমন্বয় করেন।
রিপোর্টারের নাম 

























