পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং মাদকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে আরামবাগ বালুর মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে তরুণদের মেধা বিকাশে প্রয়োজনীয় খেলার মাঠ পুনরুদ্ধার করাই হবে তার প্রধান কাজ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, প্রার্থীরা নির্বাচন এলেই নানা রকম প্রতিশ্রুতি দেন, কিন্তু তিনি কোনো প্রতিশ্রুতি দিতে চান না। এলাকার সন্তান হিসেবে তিনি তরুণদের মেধা বিকাশে কাজ করবেন এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করবেন। তিনি আরও বলেন, তার নির্মিত খেলার মাঠগুলো বিগত সময়ে দখল হয়ে গেছে।
এর আগে শুক্রবার জুমার নামাজ শাহজাহানপুর আমতলা মসজিদে আদায় করে গণসংযোগে অংশ নেন মির্জা আব্বাস। আরামবাগের প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের সমর্থনে একটি মিছিলে যোগ দেন। এরপর তিনি ব্যাংক কলোনী মসজিদ এলাকায় গণসংযোগে অংশ নেন। রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানে যোগ দেবেন এবং রমনা কালীমন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 






















