বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, একটি দল ক্ষমতার লোভে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। একইসাথে তিনি ফ্যামিলি কার্ডকে ভুয়া আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ডা. তাহের বলেন, “ফ্যামিলি কার্ড ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যারা এই কার্ড নিয়ে যাবে, তাদের আটকানো হবে। এটি সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।” দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, “একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। কিন্তু এ দেশের চার কোটি যুবক তা হতে দেবে না।”
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকতে হবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।” তিনি কেন্দ্র দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা কেন্দ্র দখল করতে আসার চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “সতর্ক হয়ে যান, অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের না মেরে ধরে পুলিশে সোপর্দ করুন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের আমরা কোনো ছাড় দেব না।”
সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূঁইয়া নইম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।
রিপোর্টারের নাম 

























