গণভোটে প্রায় ৭০ ভাগ জনগণের দেওয়া রায়কে সম্মান জানিয়ে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সতর্ক করে বলেন, যারা জনগণের রায়কে অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। জনগণের মুখোমুখি হলে বা দলীয় স্বার্থে রায় অগ্রাহ্য করলে জনগণ অতীতেও কাউকে ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে’ এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। তার প্রশ্ন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচন বৈধ হয় কীভাবে? গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম, আর সংসদ নির্বাচন হারাম হলে এখন এদেশে কোনো সরকার নেই। আগে যারা ছিল তারা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নন। তাহলে দেশটার কী হবে?
তিনি আরও বলেন, তারা সংসদের ভেতরে ও বাইরে লড়াই করে যাচ্ছেন। এই আয়োজন সেই লড়াইয়েরই অংশ। জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত এবং ‘ফ্যাসিবাদের শেষ চিহ্ন’ বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে। জুলাই গণহত্যার বিচার বিলম্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সরকারের প্রতি তিনি অনুরোধ জানান, ‘জুলাই কৃতজ্ঞতা’ আদায় করতে শিখুন, যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না।
রিপোর্টারের নাম 




















