দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ভারতজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) সহ বিভিন্ন ছাত্র সংগঠন। চলমান ছাত্র-আন্দোলনের সমর্থনে তারা আজ শুক্রবার ভারতজুড়ে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘চলমান আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার ভারতজুড়ে জনতার কাছে রাস্তায় সারারাত জেগে থাকার আহ্বান জানাচ্ছে এসএফআই। ‘রাত জাগো, দেশ জাগো’ আমাদের আহ্বান।’ তিনি আরও জানান, ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসেবে ২৪ জুলাই দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এই কর্মসূচিতে অন্যান্য ছাত্র ও গণসংগঠনগুলোকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
এসএফআই আগামী ২৫ ও ২৬ জুলাই দেশজুড়ে পুলিশের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা করেছে। ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচিতে, ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে ওই দু’দিন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, দেশের শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সব বিরোধী সংসদ সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছে এসএফআই। চিঠিতে সংসদের বর্ষকালীন অধিবেশনে এই বিষয়টি জোরালোভাবে উত্থাপনের অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সজি এবং সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, কেন্দ্রের ধারাবাহিক ব্যর্থতার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁস, ইউজিসি-নেট পরীক্ষায় অনিয়ম, দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে অসঙ্গতি এবং পরীক্ষা পরিচালনায় জাতীয় পরীক্ষা সংস্থা-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
রিপোর্টারের নাম 





















