বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামো উন্নয়ন এবং বস্তিবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার রাতে রাজধানীর ভাসানটেকে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের পতন হলেও, বর্তমান প্রেক্ষাপটে দেশ গঠনের সময় এসেছে। স্বৈরাচারী শাসনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিগত নির্বাচনগুলোতে জনগণ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের কাছে যেতে পারেননি। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জবাবদিহি নিশ্চিত করতে জনগণের প্রতিনিধি নির্বাচন করা অপরিহার্য।
জনগণকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, তিনি সরাসরি সাধারণ মানুষের মুখ থেকে তাদের সমস্যার কথা জানতে চান। তার প্রত্যাশা, আগামী দিনে প্রতিটি জনপ্রতিনিধি জনগণের কাছে যাবেন, তাদের কথা শুনবেন এবং সমস্যার সমাধানে কাজ করবেন।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান আরও বলেন, বিএনপি কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করবে এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ কিংবা নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্য দেওয়ার আগে তারেক রহমান ভাসানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি স্থানীয় ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং ক্ষমতায় গেলে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং এ লক্ষ্যে সবাইকে নিজেদের আত্মীয়স্বজনকেও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিমুদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান উপস্থিত ছিলেন। এছাড়া ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদও জনসভায় অংশ নেন।
রিপোর্টারের নাম 






















