ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত ঢাকা-১৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। শুক্রবার বিকেলে মিরপুরের লালকুঠি এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দাদের কাছে ধানের শীষে ভোট দিয়ে তুলিকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি কেবল একজন প্রার্থী নন, তিনি মানবিক গুণাবলীসম্পন্ন একজন সাহসী এবং অধিকার আদায়ে সোচ্চার কণ্ঠস্বর। ‘মায়ের ডাক’ এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ওপর আস্থা রেখেছেন, আপনারাও ভরসা রাখতে পারেন যে তিনি ঢাকা-১৪ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে নিবেদিতভাবে কাজ করবেন।
তিনি আরও যোগ করেন, ঢাকা-১৪ আসনকে একটি নিরাপদ, সুপরিকল্পিত এবং বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা অপরিহার্য।
এ সময় প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে বলেন, আমরা ঢাকা-১৪ কে বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নাগরিক সুবিধা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়ন—সব ক্ষেত্রেই যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই।
গণসংযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ধানের শীষের সমর্থনে স্লোগান দেন, যা এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়; অনেকেই সানজিদা তুলিকে সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















