আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জনমত গঠনের লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন। পরদিন রোববার তিনি সেখানে সাতটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে একটি “পলিসি ডায়ালগ” বা নীতি নির্ধারণী মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ড ময়দানে একটি বড় জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভা শেষে তিনি ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পৃথক সমাবেশে বক্তব্য রাখবেন।
এর আগে সিলেট অঞ্চল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। গত ২২ জানুয়ারি তিনি টানা ১৬ ঘণ্টা ধরে সাতটি ভিন্ন স্থানে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে গভীর রাতে ঢাকায় প্রত্যাবর্তন করেন। তার সিলেট সফরের শুরু হয়েছিল দুপুর সাড়ে ১২টায় শহরের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভার মধ্য দিয়ে। এরপর তিনি একে একে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা এবং সবশেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 






















