বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের স্বার্থরক্ষায় একমাত্র শক্তিশালী ভূমিকা পালন করছে। তিনি অভিযোগ করেন, যারা ভারতের পক্ষ নেয়, তারা ভারতে আশ্রয় নিয়েছে। অন্যদিকে, অন্য একটি গোষ্ঠী বিদেশি শক্তির ওপর নির্ভর করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে গিয়ে তিনি বলেন, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে দেশের সব নাগরিকের একই পরিণতি হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে এবং শহীদদের স্বপ্ন পূরণে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে স্বাধীন ও মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
সারাদিন চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি এলাকার লবণ চাষীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আবদার মেটাতে সেলফিবন্দী হন। শিশুদের একটি দল তাকে ঘিরে আনন্দ প্রকাশ করে এবং ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম!’ স্লোগান দেয়।
রিপোর্টারের নাম 






















