রাজধানীর উত্তরা অঞ্চলে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার পাশাপাশি একটি ন্যায়সঙ্গত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) উত্তরার ১২ নম্বর সেক্টরে এক পথসভায় আরিফুল ইসলাম আদীব বলেন, “ঢাকা-১৮ আসনে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদাবাজি করা হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সকল প্রকার জোর-জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং ইনসাফের ঢাকা-১৮ আসন গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের প্রত্যেকটি ভোট অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষণ করব। নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের রায় ব্যক্ত করবে। যদি কেউ এই শান্তিপূর্ণ ভোটে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে আমরা জীবন দিয়ে হলেও জনগণের ভোটাধিকার রক্ষা করব।”
আরিফুল ইসলাম আদীব উত্তরায় দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগের অভাবের কথা উল্লেখ করে বলেন, “এই বৃহত্তর উত্তরায় তীব্র যানজট একটি বড় সমস্যা। উত্তরার অধিকাংশ এলাকা প্রায় এক দশক ধরে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনো অনেক এলাকা প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করব।”
নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে ১০ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে উত্তরার বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ জোটের নেতাকর্মীরা গণসংযোগ চালান। দুপুরে জুমার নামাজের পর উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকের লিফলেট বিতরণ করেন প্রার্থী আরিফুল ইসলাম আদীব।
রিপোর্টারের নাম 






















