দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ ১২০ দিন (প্রায় ৪ মাস) বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি পুনরায় শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বন্দর দিয়ে ভারতীয় ছয়টি ট্রাকে মোট ২৪৩ টন মোটা চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সরকারের পক্ষ থেকে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হলো।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম আর বাঁধন জানিয়েছেন, আমদানিকৃত ২৪৩ টন চালের মধ্যে ১৫৮ টন চাল ১ লাখ ৯৬ হাজার টাকা অগ্রিম আয়কর আদায়ের মাধ্যমে খালাস করা হয়েছে। আমদানিকারকরা জানান, বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি মোটা চাল ৭০-৭১ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ভারত থেকে আমদানিকৃত এই চাল বন্দরে ৬৬-৬৫ টাকা কেজি দরে পাওয়া যাবে। এতে স্থানীয় বাজারে চালের দাম অন্তত ৪-৫ টাকা কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমদানিকৃত চালের মান পরীক্ষা শেষে দ্রুত ছাড়করণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি দেশের ২৩২ জন আমদানিকারককে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে হিলি স্থলবন্দরের ৪০ জন আমদানিকারক প্রায় ১৭ হাজার টন চাল আমদানির জন্য আইপি (ইমপোর্ট পারমিট) পেয়েছেন। আমদানিকারক প্রতিষ্ঠান ডিপি এন্টারপ্রাইজের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, প্রথম চালানে তারা ‘শম্পা কাটারি’ ব্র্যান্ডের ৭৭ টন চাল নিয়ে এসেছেন। চালের আমদানি আরও বাড়লে এবং সরবরাহ স্বাভাবিক হলে সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে চাল কিনতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























