ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উপলক্ষে বৃহস্পতিবার সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তবে নির্ধারিত সময় বেলা সাড়ে ১১টার অনেক আগেই জনসভাস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। বিপুল সংখ্যক নেতাকর্মী মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও উপ-সড়কেও অবস্থান নিয়েছেন, যার ফলে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়েছে।
ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠের দিকে আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়তে থাকে এবং একপর্যায়ে জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।
নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত অসংখ্য ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। পুরো এলাকা এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগানে মুখরিত। এই সমাবেশকে কেন্দ্র করে সিলেটজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের শীর্ষ নেতৃত্বের এই উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























