আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জাতীয় সংসদে নারীদের বোরকা ও হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের বিদ্রূপাত্মক ও অশোভন বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বশীল আচরণের পরিপন্থী।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো নারীর ধর্মীয় পোশাককে উপহাসের বিষয় বানানো সভ্য ও শালীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অধিকারের অংশ, যা নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানে।
তিনি বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে এমন ভাষা ও আচরণ জনগণের কাছে কোনো ইতিবাচক বার্তা দেয় না। রাজনৈতিক আলোচনা নীতি, আদর্শ ও জনস্বার্থকে কেন্দ্র করে হওয়া উচিত, ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে নয়। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান এবং জাতীয় সংসদসহ সর্বত্র শালীনতা, পারস্পরিক সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
রিপোর্টারের নাম 



















