ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক জনসভার মধ্য দিয়ে এই প্রচার কার্যক্রমের সূচনা করবেন। ঐতিহাসিক এই জনসভাটি বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল বুধবার রাতে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সিলেটে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তাঁর এই সিলেট সফর বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ দীর্ঘ ২১ বছর পর তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এরপর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। দিনব্যাপী তাঁর একাধিক নির্বাচনী সমাবেশ ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তাঁর জনসভা করার কথা রয়েছে। রাতে তিনি ঢাকার নিজ বাসভবনে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের এই সফরে তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তাঁর একান্ত সচিব আব্দুস সাত্তারসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা তাঁর সঙ্গে রয়েছেন।
সিলেট নগরী বর্ণিল সাজে:
বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পুরো নগরী ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়েছে। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার জন্য একটি বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্বশুরবাড়িতে বিশেষ আয়োজন:
গতকাল সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর তারেক রহমান তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের পৈতৃক বাড়ি, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যান। ২০০৪ সালের পর এটি তাঁর শ্বশুরবাড়িতে প্রথম আগমন। জামাইকে বরণ করার জন্য শ্বশুরবাড়িতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেখানে তিনি মরহুম আত্মীয়দের কবর জিয়ারত করেন এবং মিলাদ মাহফিলে অংশ নেন। প্রায় ১২ হাজার মানুষের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল।
প্রচারণার কৌশল:
দলের নির্বাচন পরিচালনা কমিটির সূত্রমতে, নির্বাচনি সফরকালে বিএনপি নেতারা সাধারণ মানুষের কাছে ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দেবেন এবং অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরবেন। ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবার তরুণ নেতাদেরও সফরসঙ্গী করা হয়েছে।
গতকাল মধ্যরাতে (২২ জানুয়ারি প্রথম প্রহরে) ঢাকার একটি হোটেলে নির্বাচনি ‘থিম সং’ উদ্বোধন করা হয়, যা দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 























