সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন মনসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। এই ২৫০ গ্রাম সোনার দাম বাংলাদেশি অর্থে প্রায় ৪০ লাখ টাকার সমান।
সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, মনসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিটের’ লটারি কিনেছিলেন এবং প্রথমবারেই তার কপাল খুলেছে।
মনসুর আমিরাতের দুবাইয়ে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে।
তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে মিলে এই টিকিটটি কিনেছিলেন। এখন তারা সবাই জেতা সোনা ভাগ করে নেবেন।
সোনা জেতা মনসুর বলেছেন, সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি, এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই ও লটারির টিকিট কিনি। প্রথমবারের মতো টিকিট কিনেই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি ও কৃতজ্ঞ। এটি এমন অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলবো না।
১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমান ভাগে ভাগ করে নেবেন জানিয়ে মনসুর বলেছেন, আমরা সোনা ভাগ করে নেওয়া ও টিকিট কিনে যাবো বলে পরিকল্পনা করেছি।
সূত্র: গালফ নিউজ
রিপোর্টারের নাম 
























