আসন্ন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট অভিমুখে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। তার সঙ্গে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে, যার মধ্যে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তারেক রহমান গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেটে দলীয় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন ১৪ সদস্যের এই প্রতিনিধিদল। এই দলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, কামাল উদ্দীন এবং এএনএম মনোয়ারুল করিম।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তারেক রহমান সিলেটে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। এরপর বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জনসভার মধ্য দিয়ে সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে।
রিপোর্টারের নাম 

























