ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ও তাদের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে চলমান অপপ্রচার, মিথ্যাচার ও সাইবার বুলিং বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে বুধবার দলের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে দলটি জানিয়েছে, ডিবি প্রধান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের আমিরের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে মর্মে একটি ভুয়া ও বানোয়াট খবর অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই ধরনের মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের সামগ্রিক পরিবেশকে অসুস্থ করে তুলছে এবং সমাজে নোংরামির বিস্তার ঘটাচ্ছে। এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বুধবার বিকেলে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ডিবি প্রধান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আইনানুগ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ইসলামী আন্দোলন রাজনৈতিক প্রচারণার নামে কারো বিরুদ্ধে নিন্দা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছে।
ডিবি প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী। পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান এবং সাইবার টিমের আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেন প্রমুখ।
রিপোর্টারের নাম 























