নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘পলিসি সামিট ২০২৬’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের নীতি সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই সম্মেলনে দলটি তাদের নির্বাচনী ইশতেহারের মূল রূপরেখা ও জনকল্যাণমূলক বিভিন্ন নীতি ঘোষণা করে। জামায়াত প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে দেশের ৫ লাখ স্নাতক ডিগ্রিধারী বেকার তরুণকে চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই বছর মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ বা ভাতা প্রদান করবে। এছাড়া মেধার ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণের পরিকল্পনাও তুলে ধরেছে দলটি।
সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রবৃদ্ধিই একমাত্র সাফল্যের মানদণ্ড নয়, বরং মানুষের মর্যাদা ও জীবনমানের উন্নয়নই আসল লক্ষ্য। শিক্ষা খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে দলটি জানিয়েছে, ঢাকার ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বড় কলেজগুলোকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে রাষ্ট্রীয় খরচে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে জামায়াত ‘জিরো টলারেন্স’ দুর্নীতি নীতি এবং কর কাঠামো সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে এবং কর ১৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শিল্প খাতে আগামী তিন বছর গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো এবং বন্ধ কলকারখানা পিপিপি মডেলে চালু করে তাতে শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা নিশ্চিত করার কথা বলা হয়েছে। স্বাস্থ্য খাতে ৫ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও তাদের পলিসিতে স্থান পেয়েছে।
তরুণদের কর্মসংস্থান ও আইটি খাতের জন্য ‘ভিশন ২০৪০’ ঘোষণা করেছে জামায়াত। এর আওতায় ৫ বছরে ১ কোটি তরুণকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরি এবং আইসিটি খাত থেকে ৫০০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও পাকিস্তানসহ ৩০টিরও বেশি দেশের কূটনীতিক এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে জামায়াত জানিয়েছে যে এই বিশাল কর্মযজ্ঞের প্রয়োজনীয় তহবিল এবং ব্যয় নির্বাহের বিস্তারিত পরিকল্পনা তারা ধাপে ধাপে জনসমক্ষে প্রকাশ করবে।
রিপোর্টারের নাম 

























