দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান।
বিভিন্ন নাটকীয়তার পর শেষ পর্যন্ত গণ-অধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁনকে বিএনপি থেকে এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও, সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দলের সকল নেতাকর্মীকে সাইফুল ইসলাম ফিরোজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















