বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে তিন বছর তিন মাস আগে শপথ গ্রহণ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ পাঁচ বছর। তবে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, রাজনৈতিক মহলের বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতোমধ্যে বিরোধী দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে বিভিন্ন সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনেছেন বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি নিজেই বললেন এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখবো।”
সাংবাদিকরা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার কথা উল্লেখ করলে তিনি প্রশ্ন করেন, “গণমাধ্যমে আসছে? হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন।” রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে, যে কোনো কারণে চাইলে, তার সেটা অপশন আছে।” এক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে।”
রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি।” তিনি আরও বলেন, “উনি চিকিৎসার্থে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন তো চিকিৎসা তো নিতেই পারেন।”
রিপোর্টারের নাম 
























