মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সেলিম শেখ নামের এক কৃষকের রঙিন কপি চাষে অভাবনীয় সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রচলিত আলু চাষে লোকসানের মুখে বিকল্প পথের সন্ধানে নেমে তিনি আধুনিক পুষ্টিসমৃদ্ধ রঙিন ফুলকপি, বাঁধাকপি এবং ব্রকলি চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যতিক্রমী চিন্তা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এখন একজন সফল কৃষকের পরিচিতি লাভ করেছেন।
দীর্ঘদিন ধরে আলু চাষ করে কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় সেলিম শেখ বিকল্প চাষাবাদের কথা ভাবেন। তার এই ভাবনা থেকেই শুরু হয় টমেটো চাষ, যা তাকে আশানুরূপ ফল দেয়। এরপর তিনি সবজি চাষের দিকে ঝুঁকে পড়েন এবং সময়ের সাথে সাথে তার অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়তে থাকে। এই আত্মবিশ্বাসই তাকে রঙিন ফুলকপি, বাঁধাকপি এবং ব্রকলির মতো উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ও বাজার চাহিদাসম্পন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করে।
সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজার সংলগ্ন এলাকায় চলতি মৌসুমে সেলিম শেখ প্রায় ৭০ শতাংশ জমিতে সাদা, গোলাপি ও হলুদ ফুলকপি এবং সাদা ও গোলাপি বাঁধাকপি, রেড ক্যাবেজ ও ব্রকলিসহ মোট ছয় ধরনের কপি জাতীয় সবজি চাষ করেছেন। এর পাশাপাশি তিনি আরও ২৮০ শতাংশ জমিতে লাউ, টমেটো, খিরা, উচ্ছে, ধনিয়া পাতা, শিম, মুলা, বেগুনসহ ১৮-২০ ধরনের সবজি আবাদ করছেন। এ বছর অনুকূল আবহাওয়ার কারণে সবজির ফলনও হয়েছে বেশ ভালো।
রঙিন কপির সবচেয়ে বড় সুবিধা হলো এর বাজারমূল্য। সেলিম শেখ জানান, সাধারণ কপির তুলনায় রঙিন কপি ও বাঁধাকপি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। তিনি প্রতি পিস রঙিন ফুলকপি ও বাঁধাকপি ৭০-৮০ টাকায় বিক্রি করছেন। অধিক পুষ্টিগুণ থাকায় ক্রেতাদের কাছেও এই সবজিগুলোর চাহিদা বেশি। তার ভাষ্যমতে, তুলনামূলক কম খরচে অধিক লাভ হওয়ায় ভবিষ্যতে তিনি বড় পরিসরে রঙিন সবজি চাষের পরিকল্পনা করছেন।
সরকারি সহায়তার অংশ হিসেবে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সেলিম শেখ এ বছর পরীক্ষামূলকভাবে ২০ শতক জমিতে ব্রকলি চাষ করেন। ব্রকলির ভালো ফলন ও বাজারদর তাকে আগামী মৌসুমে এর চাষের পরিধি বাড়ানোর ব্যাপারে উৎসাহিত করেছে। সিরাজদিখান উপজেলা কৃষি অফিস থেকে বীজ নির্বাচন, রোগবালাই দমন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং নিয়মিত পরামর্শসহ তিনি সব ধরনের সহযোগিতা পাচ্ছেন বলে জানান। এই উদ্যোগ জেলার কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























