ঝিনাইদহ সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার ভোররাতে উপজেলার উদয়পুর এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল এই অভিযান চালায়। এ সময় রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটক রুবেল স্থানীয় উদয়পুর গ্রামের সমির মণ্ডলের ছেলে।
সেনা সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একটি দুষ্কৃতকারী চক্র তৎপর রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উদয়পুর এলাকায় অভিযানটি পরিচালনা করে। অভিযানে রুবেলের হেফাজত থেকে একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, একটি ককটেল এবং একটি র্যান্ডম মুভ টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত সরঞ্জামগুলো বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে যে সব অস্ত্র ও সরঞ্জাম লুট হয়েছিল, এগুলো সেই লুট হওয়া মালামালের অংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রুবেল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি গত বছরের জুলাই মাসে সংঘটিত সহিংস কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন।
অভিযান শেষে উদ্ধারকৃত গ্রেনেড, টিয়ারসেল ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধারকৃত আলামত ও আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 























