টাঙ্গাইল-৫ (সদর) আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ সাদিসহ অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে সুলতান সালাউদ্দিন টুকুর ১০-১২ জন সমর্থক একটি দলীয় কর্মসূচির দাওয়াতপত্র বিতরণ শেষে শান্তিকুঞ্জ মোড়ের একটি চা দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সেখানে উপস্থিত হন এবং তার সমর্থকদের উসকে দেন বলে অভিযোগ। এরপর হঠাৎ করেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা চালানো হয়।
হামলার শিকার আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথায় প্রায় দেড় ডজন সেলাই দেওয়া হয়েছে, একজনের পা ভেঙে গেছে এবং অপর দুজনের হাতের রগ কেটে গেছে বলে জানা গেছে।
ঘটনার পর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু বলেন, “অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।” তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























