আইন ও যুব বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি এবং বৈষম্য দূর করতে চাইলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত। বিপরীতে, যারা অন্যায়, অবিচার ও শোষণের পক্ষে, তারা ‘না’ ভোট দেবেন। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে এবং এখন গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের মতামত জানা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, একচ্ছত্র ক্ষমতা যেন কারো হাতে না থাকে এবং কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।
সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। সভায় জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে তিনটি নির্বাচনে ‘ফ্যাসিস্ট সরকার’ জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। জনগণের ইচ্ছানুযায়ী সরকার নির্ধারণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিতেন, সেখানে রাতের ভোট এবং ডামি প্রার্থীর মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা হতো। তবে এবার সকলের ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে এবং গণভোটের গুরুত্ব অপরিসীম।
এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেন এবং বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























