জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একটি প্রতিনিধিদল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছে। বুধবার দুপুরে আইওএমের চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বে প্রতিনিধিদল উপজেলার কাথরিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুর্দশা ও ক্ষয়ক্ষতির কথা শোনেন। এরপর আইওএমের সহায়তায় স্থায়িত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল (তেরপাল) বিতরণ করা হয়।
আইওএমের চিফ অব মিশন লরা টম বন্ড ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি আমরা মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। আজ এখানে এসে মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া ও বাসস্থান হারানোর দৃশ্য দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো বুঝতে এবং সরাসরি দেখতে। আপনাদের বন্যাকবলিত সমস্যাগুলো সমাধানে আমরা কীভাবে সহায়তা করতে পারি, তা নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতেও আপনাদের পাশে সহায়তা নিয়ে থাকতে চাই। আজকের এই সহায়তা আমাদের প্রাথমিক পদক্ষেপ। আগামীতেও আমরা বন্যা দুর্গতদের নিয়ে বড় আকারে কাজ করে যাব।’
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, আইওএমের ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেক্ট অফিসার সানজিদা আক্তার, উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়া, কাথরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা মিয়া, পরিষদ সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















