ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী এবং আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই কয়েক দিন আগে বিষ্ণুদিয়া গ্রামের মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বিষ্ণুদিয়া গ্রামে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























