বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৯৭১ সালের চরম ক্রান্তিকালে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছিল। তিনি আরও দাবি করেন, জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানটি নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট দুলু তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার ঘোষণার পর লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ফলশ্রুতিতে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেন এবং চারটি বাদে সকল পত্রিকা বন্ধ করে মানুষের বাকস্বাধীনতা হরণ করেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার নিশ্চিত করেন, বন্ধ থাকা পত্রিকাগুলো পুনরায় চালু করে দেন এবং মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেন।
দুলু জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে আখ্যায়িত করে বলেন, ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ককে জাতি কখনো ভুলবে না। একটি সুন্দর বাংলাদেশ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান এবং আহ্বায়ক কমিটির সদস্য রুপচান প্রমুখ।
রিপোর্টারের নাম 
























