কুষ্টিয়ায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে শহরের একতারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড় এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন মাওলানা আবুল হাশেম। বক্তৃতার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মাওলানা আবুল হাশেমের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দলীয় নেতাকর্মীদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
পেশাগত জীবনে মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ এই খবর নিশ্চিত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রিপোর্টারের নাম 
























