বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য চট্টগ্রামের হালিশহর এলাকায় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একটি উঠান বৈঠকের আয়োজন করেছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উত্তর হালিশহরের চৌধুরীপাড়ায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
অনুষ্ঠানে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের পথের অনুসারী এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।’
বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মা-বোনরা হলেন জাতির শক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।’
তিনি আরও জানান যে, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং নারীদের শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মোশাররফ হোসেন দীপ্তি আরও বলেন, ‘ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। আগামী নির্বাচনে ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
হালিশহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপনের সভাপতিত্বে এই বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, মোহাম্মদ ইসলাম, মিজানুর রহমান দুলাল, ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক মো. পিয়ার, মো. মনির ও মো. মিন্টুসহ অন্যান্য স্থানীয় নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ আসিফ। বৈঠকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























