চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. বাদশা ওরফে ছোট বাদশাসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এই অভিযানে ছোট বাদশাসহ গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন শাহরিয়ার ইমন (২৫), মো. মারুফ (২৫) ও মো. আকাশ (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত মো. বাদশা সিএমপির শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত (তালিকা নম্বর-২৯৩)। সে এক্সেস রোডের ডবল মার্ডার মামলার অন্যতম আসামি। এছাড়াও, সে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি দস্যুতা মামলাসহ মোট ১০টি নিয়মিত মামলা বিচারাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























