ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্ট চক্র ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, “পোশাক কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা জনগণের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি মানবিক ও জনগণের দল। আমরা কখনো ধ্বংস নয়, বরং উন্নয়ন ও মানবসম্পদের বিকাশে বিশ্বাস করি।” এসময় তিনি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় একটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় আমিনুল হক এসব কথা বলেন।
তিনি জানান, ঢাকা-১৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষদের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই ক্যাম্প চলছে। এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “জনগণের পাশে থাকা, তাদের কষ্ট-দুঃখে সহযোগিতা করাই বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।”
এই কর্মসূচির আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসব কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ অন্য স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























