দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য এবং ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ইতিবাচক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই বাজারে বাংলাদেশি খামারি ও ব্যবসায়ীদের জন্য রপ্তানির নতুন দুয়ার উন্মোচিত হলো।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানির সুযোগ পুনরায় তৈরি হওয়ায় বাংলাদেশি উদ্যোক্তারা এখন থেকে কুয়েতের বাজারে তাদের পণ্য সরবরাহ করতে পারবেন। তবে পণ্য রপ্তানির ক্ষেত্রে কঠোর শর্তারোপ করা হয়েছে। বিশেষ করে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, ট্রেডমার্ক এবং উন্নত প্যাকেজিংয়ের বিষয়গুলো বাংলাদেশ সরকারকে নিবিড়ভাবে যাচাই করতে হবে। মূলত স্বাস্থ্যঝুঁকি ও মান সংক্রান্ত উদ্বেগের কারণেই কুয়েত সরকার এতদিন এই পণ্যগুলোর আমদানি স্থগিত রেখেছিল।
কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ। এই আমদানির পথ প্রশস্ত হওয়ার ফলে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের ব্যাপক প্রসার ঘটবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে পারলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশের পোল্ট্রি পণ্যের চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পাবে।
রিপোর্টারের নাম 

























