ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির সপ্তম দিনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের মধ্যে ২১টি নামঞ্জুর করা হয়েছে এবং ৪টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এদিন ৪৩টি আপিল আবেদন পর্যালোচনা করা হয়।
এর মধ্যে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। একই বিষয়ে দায়ের করা আরও ১৭টি আপিল আবেদন অবশ্য নামঞ্জুর হয়েছে। এছাড়া, মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে দায়ের করা ৪টি আপিলও কমিশন খারিজ করে দিয়েছে। কিছু জটিলতার কারণে ৪টি আপিল আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আপিল শুনানির কার্যক্রম আরও দু’দিন চলবে। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি হবে। এরপর ১৮ জানুয়ারি রবিবার (শেষ দিন) ৬১১ থেকে ৬৪৫ নম্বর এবং অবশিষ্ট অপেক্ষমাণ আপিলগুলোর নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম সমাপ্ত হবে।
উল্লেখ্য, এবারের জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০টি নির্বাচনি এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।
রিপোর্টারের নাম 















