রাজধানীর জুরাইনে তীব্র গ্যাস সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কদমতলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কয়েকশ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, বর্তমানে সারাদেশে যে গ্যাস সংকট চলছে, তা মূলত একটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ মানুষ এলপি গ্যাসসহ প্রাকৃতিক গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের কারণে বর্তমান সরকার এই অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সতর্ক করা হয়েছিল যেন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। কিন্তু তা যথাযথভাবে না হওয়ায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কিছু ব্যক্তি চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, এমনকি অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের নেতাকর্মীদের হত্যার ঘটনাও ঘটছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এই ধরনের দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসী নেতৃত্বকে বয়কট করার আহ্বান জানান তিনি।
ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি রোধে গণভোটের গুরুত্ব তুলে ধরে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দেশে স্থায়ীভাবে স্বৈরাচারী শাসনের পথ বন্ধ করতে হলে গণভোটে জনগণের রায় নিতে হবে। তিনি প্রস্তাব করেন, কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর পদে আসীন থাকতে না পারেন, এমন বিধান সংবিধানে যুক্ত করতে হবে। দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার লিপ্সাই একজন শাসককে স্বৈরাচারী করে তোলে বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি চব্বিশের গণহত্যাসহ বিগত দেড় দশকের সকল গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
রিপোর্টারের নাম 

























