বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে রাজধানীর উত্তরা থেকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ মঈন তুষারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের সামনে থেকে স্থানীয় জনতা তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঈন তুষারের বিরুদ্ধে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বর্তমান অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে মারধর করাসহ বরিশালে বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনেও একাধিক মামলা ছিল।
বরিশাল বিএম কলেজের ছাত্র রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় ছিলেন মঈন তুষার। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। প্রয়াত মেয়র হিরনের মৃত্যুর পর বরিশালের রাজনীতিতে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েন তুষার। বিশেষ করে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সময়ে বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন বলে জানা যায়।
তবে, এই মুহূর্তে মঈন তুষারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























